বিনোদন রিপোর্ট
এদেশের আধুনিক গানে নব্বই দশকের ইতিহাস লিখতে গেলে যে নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হলেন আশিকুজ্জামান টুলু। দেশের শীর্ষ তারকা শিল্পীদের কণ্ঠে তার সুরারোপিত গান জনপ্রিয়তা পেয়েছে একাধিক। দেশ ছেড়ে কানাডা প্রবাসী হয়েছেন দীর্ঘদিন। সেখানেও গান নিয়ে রয়েছেন। একাধিক নতুন কম্পোজিশনের বাইরে কন্যা রদিয়াকে দিয়ে গাইয়েছেন বেশকিছু গান। এর ভেতরে বাবার সুরে কন্যা কণ্ঠে ‘এমনও দিনে’ শিরোনামের একটি গান সবাইকে অবাক করে। বিশেষ করে রদিয়ার ভয়েস ম্যাচিউরিটি নিয়ে প্রশংসা করেন দেশের অধিকাংশ শিল্পীরা। এরপর থেকেই মূলত প্রখ্যাত বাবা আশিকুজ্জামান টুলু তার কন্যাকে দিয়ে নতুন গানের অনুপ্রেরণা পান। সেই ধারাবাহিকতা বাবার সুরারোপিত বাপ্পী খানের কথায় দারুণ জনপ্রিয় গান ‘এমন একটা সময় ছিল’ গানটি কাভার করেন রদিয়া। তবে মূল কম্পোজারের সংগীতে নতুন শিল্পী গাইলে সেটিকে কাভার বলা যায় কি-না সেটি প্রশ্ন সাপেক্ষ। বলা ভালো, সুরকার আশিকুজ্জামান টুলু তার সুর নতুন কম্পোজিশনে রদিয়াকে দিয়ে গাওয়ালেন। গানটি প্রকাশ করেছে গানচিল মিউজিক।