ক্ষত-বিক্ষত টেকনাফ সড়ক

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা :  কক্সবাজার-টেকনাফ সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজে দীর্ঘসূত্রতার কারণে এ সড়কে চলাচলে বেড়েছে ঝুঁকি। এবড়োথেবড়ো ও ক্ষতবিক্ষত সড়কে ঘটছে দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোরে উখিয়ার থাইংখালী স্টেশনে টেকনাফ থেকে আসা ট্রাক ও চট্টগ্রাম থেকে আসা বাঁশ এবং নিত্যপণ্য বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। চৌকিদার রফিক জানান, এপথে চলাচলে যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় জনসাধারণ দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে বাঁশ নামিয়ে গাড়ি সরিয়ে ফেললে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। স্থানীয় চেয়ারম্যান এন গফুরউদ্দিন চৌধুরী জানান, সড়ক ও জনপথ বিভাগ লিংক রোড থেকে কাঞ্জরপাড়া ৫০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ ত্বরিতগতিতে সম্পন্ন না করার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এ প্রসঙ্গে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ১২ ফুট সড়ক সম্প্রসারণ করে ২৪ ফুটে উন্নীত করতে গিয়ে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঠিকাদাররা দিন-রাত পরিশ্রম করেও কাজ শেষ করতে পারছে না বিধায় কিছু কিছু দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না     —ইত্তেফাক