বিধান চন্দ্র ঘোষ, দাকোপ (খুলনা) সংবাদদাতা
আগামী ১০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলার চরে শুরু হতে যাচ্ছে রাসমেলা। এ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বন বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা পদক্ষেপ নিয়েছে। এলাকাবাসী, বন বিভাগ ও মেলা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, পাপ মোচনের লক্ষ্যে প্রায় শত বছর ধরে সুন্দরবনের দুবলার চরে আলোর কোল নামক স্থানে রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর কার্তিক বা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথির সময় জোয়ারের লোনা পানিতে স্নানে পাপ মোচন হয়ে মনের বাসনা পূর্ণ হবে এমন আশা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা রাসমেলায় যোগ দেয়। আগামী ১২ নভেম্বর পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নানের মধ্যদিয়ে এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
রাসমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পূর্ব বন বিভাগ আগের আটটি রুট নির্ধারণ করেছে। এসব রুটে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি র্যাব, কোস্ট গার্ড, পুলিশ, বনকর্মীরা ও নৌবাহিনীর টহল শুরু হবে। এদিকে মেলার সময় দর্শনার্থীদের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ থাকলেও চোরা শিকারিরা ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকারে মেতে ওঠে বলে এলাকার সচেতন মহল ও সুন্দরবনের ব্যবসায়ীরা জানান।
মেলা আয়োজক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কামাল হোসেন জানান মেলায় পূজা-অর্চনাসহ নানা অনুষ্ঠান থাকবে। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। সুন্দরবন বাগেরহাট পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মামুদুল হাসান বলেন, প্রতিবারের মতো এবারও তীর্থ যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিমের টহল জোরদার থাকবে। এছাড়া দর্শনার্থীদের নামে বনে প্রবেশ করে কেউ হরিণ শিকার করতে না পারে সে ব্যাপারেও প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।