কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
কালকিনিতে অপহূত শিশু আদনান চৌধুরী (৫) ও জোনায়েদ খানকে (৭) বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন জনকে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় শিশু দুটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় রাতেই কালকিনি থানায় মামলা করেন অপহূত শিশু আদনানের মা ফারজানা বেগম।
অপহূত শিশু আদনান চৌধুরী কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার কয়ারিয়া গ্রামের ইতালি প্রবাসী আসাদ চৌধুরীর ছেলে ও জোনায়েদ খান সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের হাবিব খানের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আদনান চৌধুরী তার নানা মিজানুর রহমান বেপারীর বাড়ি আন্ডারচরে মায়ের সঙ্গে বেড়াতে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ বাড়ির জোনায়েদকে নিয়ে আদনান বাড়ির পাশে আন্ডারচর দাখিল মাদ্রাসা মাঠে খেলতে যায়। এ সময় একই এলাকার আবদুল্লাহ সরদার ও সজিব শিকদার মিলে তাদের দুই জনকে অপহরণ করে নিয়ে যায় বরিশাল জেলার মুলাদী উপজেলার পাতারচর গ্রামের একটি খালি বাড়িতে। এরপর আদনানের মা ফারজানা বেগমকে অপহরণকারীরা ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে রাতের মধ্যেই শিশু দুটিকে হত্যার হুমকি দেয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, শিশুটির মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে রাতেই পাতারচর থেকে আদনান চৌধুরী ও জোনায়েদকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী আবদুল্লাহ সরদার, সজিব শিকদার ও তার বাবা জব্বার শিকদারসহ তিন জনকে আটক করা হয়।