খুলনা অফিস
খুলনায় আদনান বাবু (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রূপসা উপজেলার বাঁধাল গ্রামের একটি গর্তে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু বাঁধাল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে স্থানীয় নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঐ এলাকার পাঁচজনকে আটক করেছে ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, শিশু বাবুকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ও ঘাড় ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।