চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছে ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৫৫৯ জন ও ছাত্রী ১ লাখ ১৫ হাজার ৪২৯ জন। আজ থেকে জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, ২৩১টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র পরিদর্শনে ১০টি পরিদর্শক দল গঠন করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ও মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। শুধু কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর আধাঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করতে হবে।
নতুন নিয়মে সাতটি বিষয়ে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। গত বছর থেকে এ নিয়ম চালু হয়। বাকি পাঁচটি বিষয়ে নিজ প্রতিষ্ঠানের মূল্যায়ন শিক্ষার্থীর নম্বর ফর্দে উল্লেখ থাকবে, যা ফলাফলে প্রভাব ফেলবে না। এর আগে ১২টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হতো।