চট্টগ্রামে ৪১০ কিমি সড়কে বসবে এলইডি বাতি

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে ২০ হাজার ৬০০টি এলইডি বাতি লাগাবে চট্টগ্রাম সিটি করপোরেশন। চলতি বছরের জুলাই থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প মেয়াদে প্রত্যেকটি ওয়ার্ডে ১০ কিলোমিটার করে মোট ৪১০ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হবে।

চসিক সূত্র জানায়, প্রকল্পের আওতায় পাঁচ মিটারের বেশি প্রশস্ত সড়কে ৪০, ৬০, ১০০ ও ২৫০ ওয়াটের ২০ হাজার ৬০০টি এলইডি বাতি, ২০ হাজার ২৬৭টি জিআই পোল ও ৫০৭টি কন্ট্রোল সুইচ বক্স বসানো হবে। গত বৃহস্পতিবার সরকারের পরিকল্পনা বিভাগ ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার এ প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয় বলে জানিয়েছে চসিকের এক সূত্র। প্রকল্পে ঋণ হিসেবে ২১৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা দেবে ভারত। এছাড়া ৪৬ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশের ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ’ এবং ভারতের ‘এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড’ এর সমঝোতা চুক্তি হয়। চুক্তির পরিপ্রেক্ষিতে চসিক প্রকল্পটি গ্রহণ করে। ২০১৮ সালের ২২ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এটি অনুমোদন পায়।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে ৮৭ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হয়েছে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের প্রকল্পের মাধ্যমে ৫৮ কিলোমিটার এবং নিজস্ব অর্থায়নে ২৯ কিলোমিটার সড়কে এলইডি বাতি বসানো হয়। জাইকার অর্থায়নে আরো একটি প্রকল্পের আওতায় ৮০ কিলোমিটার সড়কে এলইডি বাতি লাগানো হবে। এর মধ্যে ৫০ কিলোমিটার সড়কের জন্য দরপত্র কার্যক্রম চলছে।