হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ট্রেনের ছাদে অন্যের ঝগড়া থামাতে গিয়ে তার মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা সুমন মিয়া।
রেলওয়ে বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি সকালে হরষপুর স্টেশনে থামে। এ সময় ট্রেনের ছাদে দুই ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়। বিষয়টি দেখতে পেয়ে স্টেশনে অন্য একটি ট্রেনের জন্য অপেক্ষমাণ ব্যবসায়ী সুমন মিয়া তাদের ঝগড়া থামাতে ট্রেনের ছাদে যান। তখন ট্রেনটি ছেড়ে দিলে তিনি লাফিয়ে নামার চেষ্টা করলে দুটি বগির মাঝখানে পড়ে মারা যান। হরষপুর রেলওয়ে স্টেশনের মাস্টার পরেশ আলী শিকদার জানান, সুমন মিয়ার আখাউড়া যাওয়ার কথা ছিল। তিনি অন্যের ঝগড়া থামাতে জালালাবাদ ট্রেনের ছাদে উঠেন। এ সময় ট্রেন ছেড়ে দেয়ায় লাফিয়ে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি ঘটনাস্থল থেকে বেশ দূরে। খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেছে।