খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। এ বছর আসন প্রতি ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা  হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা  হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অধীন ৮টি স্কুলের অন্তর্ভুক্ত ২৯টি ডিসিপ্লিনে ১২১৭ আসনে ভর্তির জন্য অনলাইনে ৩২ হাজার ৬৩৬ জন আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।