দুর্গাপুরে ব্যবসায়ী হত্যা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর এলাকার মধ্যবাজারের ব্যবসায়ী অরুণ কুমার সাহা এবং তার স্ত্রী হেনা রানি সাহা হত্যাকাণ্ডের মূল আসামি তাজুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুর্গাপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক স্বর্ণকমল সেন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল কাশেম আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
তাজুল ইসলামকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মনিগাঁও গ্রাম থেকে গত শনিবার রাতে আটক করা হয়। আটকের পরদিন তাকে ময়মনসিংহ পিবিআই অফিসে নিয়ে আসা হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ অক্টোবর দুর্গাপুর মধ্যবাজারের ব্যবসায়ী অরুণ কুমার সাহা এবং তার স্ত্রী হেনা রানি সাহা তাদের নিজস্ব সুবর্ণা প্লাজা মার্কেটের তৃতীয়তলার বাসায় নৃশংসভাবে খুন হন। ঘটনার পর তাদের ছেলে সুজিত বাদী হয়ে ২৬ অক্টোবর দুর্গাপুর থানায় মামলা করেন। বর্তমানে মামলাটি ময়মনসিংহ পিবিআই তদন্ত করছে।