সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে বিকাশ কোম্পানির তিন এজেন্টকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-শ্যামনগর সড়কের কাটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১ রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
জানা গেছে, শ্যামনগর উপজেলা বিকাশের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাস্টমার কেয়ার কর্মকর্তা মিথুন সাতক্ষীরা সাউথ ইস্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লাখ টাকা উত্তোলন করে শ্যামনগরে যাচ্ছিলেন। কালীগঞ্জ-শ্যামনগর সড়কের কাটাখালী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের তিন আরোহী তাদের গতি রোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের হাতে থাকা পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ব্যাগে রক্ষিত ২৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে জানান বিকাশ কর্মকর্তারা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিকাশ পরিবেশক আবু বকর সিদ্দিক মিলু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।