সংবাদ সংক্ষেপ

চাটমোহরে পুকুর থেকে

যুবকের লাশ উদ্ধার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে শুক্রবার সকালে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক হলেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আক্কাস আলী প্রাং এর ছেলে ফিরোজুর রহমান। তাকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা। ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, ফিরোজকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হবে। থানায় মামলা হয়েছে। হত্যার ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারে টেলিভিশন প্রদান

বরিশাল অফিস বরিশাল কেন্দ্রীয় কারাগারে গণশিক্ষা সেলাই প্রশিক্ষণের উপকরণ ও টেলিভিশন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগারের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয় রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আবদুল রাকিব, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল প্রমুখ।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের চরকুন্দুলিয়া ঈদগাহ মাঠে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রেট বিক্রমপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং আয়েশা হেলথ ফাউন্ডেশনের সহযোগিতায় এর আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

কেশবপুর (যশোর) সংবাদদাতা কেশবপুরে শুক্রবার ২৩৯ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্প থেকে এ বাইসাইকেল দেওয়া হয়। শহরের পাবলিক ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ইসমাত আরা সাদেক শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক প্রমুখ।

রত্নপুর আওয়ামী লীগের তিন ওয়ার্ডের কাউন্সিল

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে দলের কমিটি গঠন শুরু হয়েছে। শুক্রবার সকালে ৫ নম্বর রত্নপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

ছয়গ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঐ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে এর উদ্বোধন করেন ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অমিও লাল চৌধুরী।

উপজেলা শিক্ষক কর্মচারী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. সাইফুল ইসলাম সভাপতি ও মো. নাজমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. বদিউজ্জামান ট্রেজারার ও অনুপ চন্দ্র রায় ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ইন্দুরকানীতে শুক্রবার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ইন্দুরকানী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইডিও) এর সহযোগিতায় উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী চাড়াখালী গুচ্ছগ্রামের হতদরিদ্রদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও সাংবাদিক আহাদুল ইসলাম শিমুলের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান।

টেকেরহাটে নৌকাবাইচ

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা টেকেরহাট শংকরদীপাড় হাট কমিটির উদ্যোগে কুমার নদে শুক্রবার বিকালে বিশাল নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে নদের দুইপাড়ে লক্ষাধিক নারী-পুরুষ ভিড় করে। বাইচে প্রায় ২৫টি বিভিন্ন ধরনের নৌকা অংশগ্রহণ করে। বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এএসপি সার্কেল আবির হোসেন।

 

 

 

 

০