বলের আঘাতে নেট ছেড়েছেন রোহিত শর্মা

স্পোর্টস রিপোর্টার

বেশ বিরক্ত হয়ে নেট সেশন থেকে বের হয়ে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর দুই দিন আগে গতকাল নেট সেশনে ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পেয়েছেন ভারতের এই রান মেশিন। শুক্রবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে থ্রো ডাউন স্পেশালিস্ট লঙ্কান নুয়ান সিনিভিরত্নের ছোড়া বলই রোহিতের পায়ে লেগেছে। সঙ্গে সঙ্গেই নেট ছেড়ে চলে যান তিনি। যদিও আঘাত গুরুতর নয়। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এমনটাই জানিয়েছে।

ভারতীয় দলের নেট সেশন শুরুর কয়েক মিনিট পরই রোহিতের পায়ে বল আঘাত হানে। বল লাগার পরপরই গ্লাভস খুলে ফেলেন তিনি। অনেকটা ঝড়ের বেগে নেট সেশন থেকে বের হয়ে যান রোহিত। যদিও ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও সিনিভিরত্নে তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন।

হিন্দুস্তান টাইমস লিখেছে, রোহিত ব্যথা পেলেও প্রাথমিকভাবে গুরুতর কিছু মনে হয়নি। কারণ নেট ছেড়ে যাওয়ার সময় ভারতীয় অধিনায়ককে কোনো সমস্যায় পড়তে দেখা যায়নি। যদিও পরে আর নেটে ব্যাটিং করতে ফিরেননি তিনি। তবে যে টুকু সময় রোহিত নেটে ছিলেন, তাকে বেশ স্বাবলীল মনে হয়েছে। ফ্রন্ট ফুটে নিপুণ দক্ষতায় কভার ড্রাইভ খেলছিলেন তিনি। এমনকি পা ব্যবহার করে কয়েকবারই শার্দুল ঠাকুরের করা বল সামনে এসে খেলেছেন তিনি।

সতর্কতাবশতই আর নেটে ফিরেননি রোহিত। বড়ো কিছুও হয়নি। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে এই তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তিনি।

তবে কখনোই নিয়মিত অধিনায়কত্বের সুযোগ হয়নি তার। কোহলি বিশ্রামে থাকলেই অধিনায়কত্বের সুযোগ পান তিনি। নিয়মিত অধিনায়ক না হওয়ায় এই নিয়ে কোনো আক্ষেপ নেই রোহিতের। তিনি বলেছেন, ‘এটি আমার হাতে নেই। একটি বা একশটি  হোক, সবই আমার জন্য সম্মানের। দেশের হয়ে খেলতে পারা বা অধিনায়কত্ব করাই বড় সম্মানের। আমি এই দলের অধিনায়কত্ব করেছি, তাই আমার অভিজ্ঞতা আছে। তবে দীর্ঘদিনের জন্য আমাকে অধিনায়কত্ব করতে হবে বা অন্য কিছু নিয়ে আমি ভাবি না। যখনই সুযোগ আসে, তখনই ভালো করার চেষ্টা করি।’

গত দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন লঙ্কান থ্রো ডাউন স্পেশালিস্ট সিনিভিরত্নে। সাবেক এই ক্রিকেটার দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ভারতীয় দলে নিয়মিত থ্রো ডাউন স্পেশালিস্ট রাঘব রয়েছেন। তারপরও এই সিরিজের আগে স্বাগতিকরা উড়িয়ে এনেছে সিনিভিরত্নেকে। বাঁহাতি পেসারদের বিরুদ্ধে খেলার জন্য ব্যাটসম্যানদের প্রস্তুত করেন এই লঙ্কান। বিশেষ করে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকায় ভারতীয় শিবিরে ডাক পড়েছে সিনিভিরত্নের।