মেসি ফিরলেন জাতীয় দলে

ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচ

স্কোয়াড

গোলরক্ষক : অগাস্তিন মার্চেসিন (পোর্তো), হুয়ান মুসো (উদিনিস), এমিলিয়ানো মার্টিনেজ (আর্সেনাল) ও এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)।

ডিফেন্ডার   : হুয়ান ফোয়েথ (টটেনহ্যাম), রেঞ্জো সারাভিয়া (পোর্তো), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজ্জেলা (ফিওরেন্তিনা), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ওয়াল্টার কানেমান (গ্রেমিও) , নিকোলাস তাগলাফিকো (আয়াক্স), নেহুয়েন পেরেজ (ফামালিচাও), গুইদো রদ্রিগেস (আমেরিকা)।

মিডফিল্ডার                 : জিওভান্নি লো সেলসো (টটেনহ্যাম), লিয়ান্দ্রো প্যারেদেস (পিএসজি), নিকোলাস ডোমিংগুয়েস (ভেলেজ), রদ্রিগো দি পল (উদিনিস), মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং লিসবন), রবার্তো পেরেইরা (ওয়ার্টফোর্ড), লুকাস ওকাম্পোস (সেভিয়া)।

ফরোয়ার্ড    : লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গঞ্জালেস (স্টুর্টগার্ট), লুকাস অ্যালারিও (বায়ার লেভারকুসেন), লাওতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্তাস)।

স্পোর্টস ডেস্ক

 তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে আবার জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে এ মাসে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য এই সুপারস্টারকে জাতীয় দলে ডেকেছে।

চিলির বিরুদ্ধে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ৭ জুলাই বহিষ্কৃত হওয়ার পর থেকে আর আর্জেন্টিনার হয়ে খেলেননি লিওনেল মেসি। ঐ খেলাটির পর করা মন্তব্যের জন্য মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। খেলা শেষে করা মন্তব্যে তিনি দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কোনমেবোলকে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিলেন।

 মেসির নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৩ নভেম্বর। ফলে জাতীয় দলের হয়ে মেসি প্রথমে খেলবেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে। ১৫ নভেম্বর সৌদি আরবের মাঠে অনুষ্ঠিত হবে খেলাটি। এরপর ১৮ নভেম্বর ইসরাইলে অনুষ্ঠিত হবে উরুগুয়ের বিরুদ্ধে খেলাটি।

বার্সেলোনা তারকার অনুপস্থিতিতে আর্জেন্টিনা চারটি প্রীতি ম্যাচ খেলেছে। এসবের মধ্যে চিলি (০-০) ও জার্মানির (২-২) সাথে ড্র করে কোচ দিয়েগো স্ক্যালোনির দল। অপর দুই খেলায় মেক্সিকোকে ৪-০ ও ইকুয়েডোরকে ৬-১ গোলে হারায় আর্জেন্টিনা।

আসন্ন খেলাদুটির জন্য এছাড়াও দলে ডাকা হয়েছে ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরোকে। গত চারটি প্রীতি ম্যাচে ছিলেন না অ্যাগুয়েরো।

উল্লেখ্য, পাচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি মৌসুমের শুরুতে ইনজুরির কবলে পড়লেও বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। তার নৈপুণ্যে বার্সেলোনা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাতটি খেলায় জিতেছে। এর মধ্যে শেষ খেলায় গত মঙ্গলবার রিয়াল ভালাদোলিদের বিরুদ্ধে ৫-১ গোলে জয়ে মেসি একাই দেন দুই গোল।