নিউ ইয়র্ক ছেড়ে ফ্লোরিডায় স্থায়ী হবেন ট্রাম্প

এএফপি ও বিবিসি

নিউ ইয়র্ক ছেড়ে ফ্লোরিডার পাম বিচে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই স্থায়ী আবাস পরিবর্তনে জন্য তিনি দায়ী করেছেন নিউ ইয়র্কের রাজনৈতিক পরিস্থিতিকে। তিনি দাবি করেছেন, তার নিজের শহর নিউ ইয়র্কে তাকে ‘অত্যন্ত খারাপভাবে দেখা হয়’।

ট্রাম্পের জন্ম ও বেড়ে ওঠা নিউ ইয়র্কে। বেশির ভাগ সময়ই কাটিয়েছেন পাম বিচে তার মার-এ-লার্গোতে ভবনে। তার অভিযোগ, লাখ লাখ ডলার ট্যাক্স দেওয়ার পরও তিনি রাজনীতিবিদদের কাছে ভালো আচরণ পাননি। ট্রাম্প বৃহস্পতিবার এক টুইটে বলেন, ‘আমি এবং আমার পরিবার ফ্লোরিডার পাম বিচে স্থায়ী আবাস গড়ে তুলব।’ তিনি বলেন, ‘আমি নিউ ইয়র্ক এবং এর অধিবাসীদের প্রশংসা করি, সর্বদা কল্যাণ কামনা করি, তবে দুঃখজনক যে, এই শহরে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা সত্ত্বেও নগরী এবং অঙ্গরাজ্যের রাজনৈতিক নেতারা আমাকে খুব খারাপভাবে মূল্যায়ন করে।’

ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুকুমো ও মেয়র বিল দে ব্লাসিওর সঙ্গে বিরোধ রয়েছে। তারা দুই জনই ডেমোক্র্যাট রাজনীতিবিদ। অ্যান্ড্রু কুকুমো ট্রাম্পের ট্যাক্স দেওয়ার দাবিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেন,  ট্রাম্প কখনোই তার ট্যাক্স রিটার্ন প্রকাশ করেননি এবং ব্যক্তিগত ট্যাক্সের তথ্য জানাননি।

 ট্রাম্পের স্থায়ী বাসস্থান পরিবর্তনের ব্যাপারে হোয়াইট হাউস কর্মকর্তারা শুক্রবার সকাল পর্যন্ত কোনো কিছু বলেননি। তবে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছে, প্রধানত কর সংশ্লিষ্ট ব্যাপারে তিনি আবাসস্থল পরিবর্তন করছেন।