আজ শনিবার বিকালে মহাখালী ব্র্যাক সেন্টার ইনে ‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দারিদ্র্য বিমোচনে মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রিক ‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত মায়েদের পরিবারের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, মা-শিশুর স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও সৌন্দর্য অবস্থা বিবেচনায় মহিলা বিষয় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘স্বপ্ন প্যাকেজ’ কর্মসূচির ১০ উপজেলা থেকে ১০ জন মাকে নিয়ে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা ডর্প আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে ভারতের ইয়োগা বিশেষজ্ঞ, ‘ডর্প স্বপ্ন মা’ শুভেচ্ছাদূত মিজ শ্বেওতা ওয়ার্পে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ‘দেহ-মন-সুস্থ’ বিষয়ক যোগব্যায়াম প্রদর্শন করবেন।
চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে থাকবেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও ডর্পর উপদেষ্টা পরিষদের সদস্য ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দিলরুবা সাথী।