ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশি বৈধ কর্মীদের যথাসম্ভব সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স হারকান হুয়া ওয়াইদি বিন শাওইয়া। গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এই আশ্বাস দেন।
সাক্ষাত্কালে চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকাস্থ সৌদি দূতাবাসের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। বিশেষ করে, বাংলাদেশি কর্মীরা চাকরি নিয়ে সৌদি আরবে গমনের ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা সম্পর্কে তিনি মন্ত্রীকে বিস্তারিত জানান। তিনি বাংলাদেশি বৈধ কর্মীদের যথাসম্ভব সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ছাড়া বাংলাদেশি কর্মীরা যাতে কম খরচে সৌদি আরবে যেতে পারেন সে বিষয়ে সৌদি সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।