চীনে পাঁচ কোটি ফ্ল্যাট জনশূন্য!

চীনের শহরাঞ্চলে প্রায় পাঁচ কোটি ফ্ল্যাট জনশূন্য পড়ে আছে। এ ফ্ল্যাটগুলো শুধু সম্পত্তি হিসেবে কিনে ফেলে রাখা হয়েছে। যেখানে চীনা  প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্ত্র ছিল অ্যাপার্টমেন্ট হবে বসবাসের জন্য। নীতিনির্ধারকদের জন্য এ জনশূন্য ফ্ল্যাটগুলো দুঃস্বপ্ন হিসেবে দেখা দিচ্ছে। ওই ফ্ল্যাটগুলো বাজারে দাম নিয়ন্ত্রণে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৭ সালের একটি জরিপ থেকে প্রাপ্ত উপাত্তে স্পষ্ট, সম্পত্তি বাজারে ফটকাবাজি ঠেকানো হচ্ছে সামনের দিনগুলোয় আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার উপায়। দেশটির অর্থনীতিবিদরা আশঙ্কা করেন সম্পত্তি বাজারে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে ওই অ্যাপার্টমেন্টগুলো বাজারকে ব্যাপক ধাক্কা দেবে। সমস্যাটি মোকাবিলায় সরকারের সামনে একটি সমাধান হচ্ছে, সম্পত্তি বা খালি বাসা কর (ভ্যাকেন্সি ট্যাক্স) চালু করা। তবে শিগগিরই তা চালু হওয়ার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। এদিকে আবাসন খাতে ফটকাবাজি ঠেকাতে অনেক বছর ধরেই চেষ্টা চালিয়ে আসছেন চীনা নেতারা। কিছু শহর ও প্রদেশে বাসা কেনার  ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

—নাঈমা সুলতানা