ইত্তেফাক রিপোর্ট
সৌদি আরবে ২০১৫ সালে হজের সময় ক্রেন দুর্ঘটনায় নিহত এক জনের পরিবার ও আহত দুই বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হতাহতদের পরিবারের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। ক্রেন দুর্ঘটনায় নিহত মো. আব্দুল কাশেমের পরিবারকে দুই কোটি ২৬ লাখ এবং আহত সরদার আব্দুর রব ও মো. নাজিমউদ্দিনকে এক কোটি ১৩ লাখ করে দুটি চেক হস্তান্তর করা হয়।
ক্ষতিপূরণ দেওয়ার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এ কারণে হতাহতদের এ ক্ষতিপূরণ দিতে পেরেছি। নিহত আব্দুল কাশেমের পরিবারের পক্ষ থেকে তার মা, স্ত্রী, ছেলে এবং দুই মেয়ে চেক গ্রহণ করেন। আহতরা নিজেরাই তাদের চেক গ্রহণ করেন।
আহত আব্দুর রব বলেন, ঐ দিন আমি কাবা শরিফে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু ভিড়ের ভেতর ঢুকতে না পারায় বাইরে দোয়া পড়ছিলাম। তখন হঠাত্ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। একটু পরে বুঝতে পারি আমার পায়ের হাঁটুর নিচ থেকে সবকিছু গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আমাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সৌদি কর্তৃপক্ষ আমাকে সেখানে দুই মাস চিকিত্সা দেয়। হজ মন্ত্রণালয়ের সহায়তায় ঢাকায় ফিরে আসি। এরপর তিন বছর আমি চিকত্সা নিয়েছি। আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আহত নাজিম সুস্থ আছেন বলে জানান। চেক হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।