বিগত এক দশকে ক্ষমতাসীন সরকারের নিপীড়নে গোটা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বাদ আসর এক সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান গুরুতর অসুস্থ সাদেক হোসেন খোকার সুস্থতা কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শরিক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মসজিদে খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অন্তর থেকে দোয়া করি মহান আল্লাহ তায়ালা সাদেক হোসেন খোকাকে সুস্থ করে দিন। আজকে সারা দেশের সব মানুষই অসুস্থ হয়ে পড়েছে। দশ বছর ধরে নিপীড়ন চালাচ্ছে সরকার। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। এখন তিনি পিজি হাসপাতালে আছেন। সাদেক হোসেন খোকার বিরুদ্ধেও মামলা দায়ের করেছে। তার পরিবারের সদস্যদের নামেও মামলা হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাদেক হোসেন খোকা দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করছেন। তিনি নির্যাতিত জননেতা। আমরা তার জন্য দোয়া করব। সৃষ্টিকর্তাই সবকিছুর মালিক। বেগম খালেদা জিয়াসহ সবার জন্য দোয়া করবেন।
মির্জা আব্বাস বলেন, সাদেক হোসেন খোকাসহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি। আমার বন্ধু খোকা দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সঙ্গে কথাবার্তা বলেছি। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানি। আসুন আমরা সবাই নফল নামাজ পড়ে তার জন্য বিশেষভাবে দোয়া করি।