বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে যতই অভিযান পরিচালনা করুক না কেন এটা হচ্ছে আইওয়াশ। নিজেদের দুর্নীতির ভারেই আওয়ামী লীগ সরকারের পতন হবে। আর আওয়ামী লীগের পতন সময়ের ব্যাপার।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করে নবীন দল।
তিনি বলেন, দেশে এখন আওয়ামী পুলিশের শাসন চলছে। পুলিশ নির্ধারণ করে দেয় কোন দল সভা-সমাবেশ করতে পারবে আর কোন দল পারবে না।
সভায় সমপ্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তি নিয়ে সমালোচনা করেন মওদুদ। বলেন, এই সরকার ভারতের সঙ্গে চুক্তি করে আমাদের হাত-পা বেঁধে ফেলেছে। আমাদের স্বাধীনতার শক্তি, সার্বভৌমত্বের শক্তি নষ্ট করে দিয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সোহেল রানার পরিচালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।