আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর তিন দিনের বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী অ্যালিস জি ওয়েলস। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অ্যালিস ওয়েলস ১ থেকে ৭ নভেম্বর থাইল্যান্ড ও বাংলাদেশ সফর করবেন। ঢাকায় সফরকালে তিনি বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি কক্সবাজার সফরকালে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সমস্যা সচক্ষে দেখবেন। এ সময় তিনি বাংলাদেশের কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও এনজিওর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক উপকমিটির এক শুনানিতে অ্যালিস ওয়েলস বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ভূয়সী প্রশংসা করেন। তবে দেশে রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত এবং গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।