পড়ার সময় ঘুম আসা যেন প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম! বই নিয়ে বসলেই কেবল রাজ্যের ঘুম ভর করবে চোখে-মুখে। তাই এমন সংকটময় মুহূর্তে পড়ার সময় আসা আপনার ঘুমকে তাড়ানোর কিছু উপায় বাতলে দিচ্ছেন হেলাল নিরব
ফেসবুকিং করা
পড়ার সময় ঘুম তাড়ানোর সব থেকে বড় ও সহজ উপায় হলো ফেসবুকে ঢু মারা! রাজ্যের ঘুম নিয়েও ফেবুতে ঢুকলে অনায়াসে ঘণ্টা দুই কাটিয়ে দিতে পারবেন একেবারে ঘুমবিহীন, গ্যারান্টি! তাই এখন থেকে পড়ার সময় ঘুম এলেই তাকে তাড়ানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
ইউটিউবিং করা
পড়তে পড়তে বোর হলে তবেই তো আসে ঘুম। তাই ঘুম তাড়ানোর জন্য মুহূর্তেই ঘুরে আসতে পারেন ইউটিউব থেকে। গান, নাটক বা মুভি যেকোনো একটা ওপেন করে দেখতে থাকুন, দেখবেন ঘুম একেবারে হাওয়া! আর এতে পড়ার সময় ঘুমের হাত থেকেও বেঁচে যাবেন।
শর্ট ব্রেক নেওয়া
পড়ার সময় অতিমাত্রায় ঘুম চলে এলে শর্ট ব্রেক নিন। ছাদে বা বাইরে থেকে ঘুরে আসুন। অথবা প্রিয়জনের সঙ্গে কথা বলুন। তবে এক্ষেত্রে সমস্যা হলো, বিষয়টা শর্ট ব্রেক বললেও মাঝে মাঝে শর্ট ব্রেকের পরিধি ঘণ্টা থেকে দুই দিন বা তারও বেশি হতে পারে।
গেমস খেলুন
ঘুম থেকে বাঁচার সবচেয়ে অব্যর্থ উপায় হলো গেমস খেলা। হ্যাঁ, টেবিলে বসেই গেমস ইনস্টল করুন আর খেলতে শুরু করুন; দেখবেন কয়লার মতো ঘুমও উধাও! কথা দিচ্ছি, ফোনের চার্জ শেষ না হওয়া পর্যন্ত ঘুম আপনাকে স্পর্শ করতে পারবে না।
ঘুমিয়ে পড়ুন
উপরের পদ্ধতিগুলোয় কাজ না হলে পড়ার সময় ঘুম তাড়ানোর সবচেয়ে সহজ ও অব্যর্থ উপায়ই হলো ঘুমিয়ে পড়া। আর ঘুমানোর আগে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হন যে, কাল থেকে পড়ার সময় আর ঘুমাবেন না। তারপরও যদি ঘুম চলে আসে তাহলে অবশ্যই উপরের কোনো একটা পদ্ধতি অনুসরণ করবেন, আশা করি, পড়ার সময় আর ঘুম আসবে না!