শচীন্দ্র নাথ গাইন
ধরাকেই তিনি সরা জ্ঞান করে
দাপটের সাথে চলতেন,
রেগে গেলে তিনি যা খুশি তা মুখে
হুড়মুড় করে বলতেন।
পান থেকে চুন খসলেই তাকে
তুলোধুনা করে ফেলতেন,
ভয়ে হতো থরো কম্প সবার
চোখ দুটো যেই মেলতেন।
হাত করা ছিল উপরের সারি
তাদেরকে এঁটে ধরতেন,
মাখো মাখো ভাব দেখাতেন তিনি
পকেট তাদের ভরতেন।
কামাতেন তিনি অগণিত টাকা
চাটুকারগুলো পুষতেন,
নিজে দোষ করে বেশ ভালো সেজে
তাদেরকে খালি দুষতেন।
অবশেষে কিছু পারিষদ যেই
এখানেই ধরা পড়লেন,
তিনি পাড়ি দিয়ে বিদেশে মৌজে
টাকার পাহাড় গড়লেন।
চাঁচড়া, যশোর