প্রাণী সমাচার

 মুহিত আহমেদ জামিল

 

মশা

সর্বোচ্চ সাম্যবাদী প্রাণী। কামড়ানোর সময় ধনী-গরিব কোনো ভেদাভেদ করে না। মশা একইসঙ্গে সর্বোচ্চ সাহসী প্রাণীও। কারো হাতে বন্ধুক থাকলেও তাকে কামড় মারতে একটুও দ্বিধাবোধ করে না।

 

পিঁপড়া

সবচেয়ে ব্যস্ততম প্রাণী। শরীরের আকার খুব ছোট হওয়ার পরেও তারা সারাদিন খাবার সংগ্রহের কাজে ব্যস্ত থাকে। এই দেখবেন চিনি নিয়ে যাচ্ছে, একটু পরে দেখবেন দুধের গুড়া। আরেকটু পরেই দেখবেন তিন-চার জন মিলে টিম ওয়ার্ক করতে করতে আরেকটা পোকাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে।

 

গাধা

সর্বোচ্চ পরিশ্রমী প্রাণী। পরিশ্রম করলেই যে সর্বোত্কৃষ্ট হওয়া যায় না, গাধা তার উত্কৃষ্ট প্রমাণ।

 

গরু

‘অতি চালাকের গলায় দড়ি’ এই হিসেবে গরু সবচেয়ে চালাক প্রাণী।

 

বিড়াল

বাঘের খালা হওয়া সত্ত্বেও এরা খুব নিরীহ গোছের হয়। ইঁদুর ছাড়া আর কেউই বিড়ালকে খুব একটা ভয় পায় না। সুযোগ পেলে মোরগও বিড়ালকে দুয়েক ঘা বসিয়ে দেয়। যাই হোক, নিরীহ গোছের হলে কি হবে, ঘুমের ওষুধ না খেয়েও বিড়াল দৈনিক ১২-১৮ ঘণ্টা পর্যন্ত ঘুমায়। ঘুম না হওয়া মানুষের অসুখী হওয়ার কথা বিবেচনায় আনলে বিড়াল সর্বোচ্চ সুখী প্রাণী।

 

মানুষ

সবচেয়ে বিচিত্র প্রাণী। নাম মানুষ, আকার-আকৃতি মানুষের মতো হওয়ার পরে এদের সবাই মানুষ না। কেউ গাধা, কেউ শুয়োর, কেউ কুকুর, কেউ ছাগল, কেউ কেউ আবার হাতিও।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট