শাহরুখ খানের জন্মদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা

২ নভেম্বর ৫৪ বছরে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। সহকর্মী থেকে ভক্তকুল কেউই তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। শুক্রবার রাত ১২টার কিছু আগে থেকেই কিং খানের বাড়ির (মান্নত) সামনে যেন তিল ধারণের জায়গা নেই। রাত যতো বেড়েছে ভিড় ততই বেড়েছে। মান্নত-এর সামনেই কেক কেটে শাহরুখের জন্মদিন সেলিব্রেট করছেন অনুরাগীরা। জনপ্রিয়তার নিরিখে তিনি যে হলিউড থেকে বলিউড যে কোনও তারকাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন তা জন্মদিনে মান্নতের সামনে গেলেই বেশ বোঝা যায়।

তবে শাহরুখ শুধু বলিউড বাদশাই নন, পশ্চিম বাংলার সঙ্গেও একটা বিশেষ সম্পর্ক রয়েছে শাহরুখের। রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসডর’ তিনি। তাই জন্মদিনে ভাই শাহরুখকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাকে চার্মিং ব্রাদার বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন: নতুন আইনে পরিবর্তন চান পরিবহন মালিকরা

টুইটারে একটি ছবি পোস্ট করে মমতা লিখেছেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা, শাহরুখ @iamsrk। সুস্থ থেকো, ভালো থেকো। জীবনে আরো অনেক উন্নতি করো। তোমাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত। তোমার ছবি যেন ভবিষ্যতেও আমাদের মন জয় করে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ #KIFF2019 এ দেখা হবে।

প্রসঙ্গত, আগামী ৮ নভেম্বর রয়েছে ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, রাখী গুলজারের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে শাহরুখ খানেরও।

ইত্তেফাক/বিএএফ