স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, 'স্বাস্থ্য খাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এ লক্ষ্যে কমিটির সকলকে সচেতন থাকতে হবে।' শনিবার পিরোজপুরের স্বরূপকাঠির স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'বর্তমান সরকার স্বাস্থ্য সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই দেশবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ১৮ সহস্রাধিক কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন।'

তিনি আরও বলেন, '২০০১ সালে জামায়ত-বিএনপি ক্ষমতায় এসেই সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে মানুষের স্বাস্থ্য সেবা গ্রহণের অধিকারটুকুও কেড়ে নেয়। শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে পুনরায় সকল কমিউনিটি ক্লিনিক চালু করেন।'

সভায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর সিকদার।

এর আগে, মন্ত্রী স্বরূপকাঠি পৌর গোরস্থান ও শ্মশান ঘাটের উদ্বোধন করেন। পরে মন্ত্রী জাতীয় সমবায় দিবসের র‌্যালিতে অংশ গ্রহণ করেন।  সব শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'দলে থাকবেন আর দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবেনা। অনু-প্রবেশকারীকে দলে স্থান দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে রাত দিন পরিশ্রম করে করে চলছেন।  এধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের  সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।'

ইত্তেফাক/জেডএইচডি