অস্ট্রেলিয়া-পাকিস্তান
সিরিজ শুরু আজ
স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের ৪৮ ঘণ্টাও পেরোয়নি। এরই মধ্যে আবারও আজ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে অস্ট্রেলিয়া। সদ্যসমাপ্ত সিরিজে দারুণ ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার পাকিস্তানের জন্যে বড়ো শঙ্কার নাম হলেও তাকে আটকানোর পরিকল্পনা নিয়েই নামবে সফরকারী দলটি, জানিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম। এদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানালেন পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে খুব বেশি চিন্তিত নয় তার দল।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে দারুণ ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। তিন ম্যাচে ২১৭ রান করেছেন। এ সময়ে একটি বারও তাকে সাজঘরের পথ দেখাতে পারেননি শ্রীলঙ্কান বোলাররা। এমন ফর্মে থাকা ওয়ার্নারকে রুখতে বিশেষ কৌশলই ফাঁদতে হবে পাকিস্তানকে। অধিনায়ক বাবর আজম জানালেন, আজ রবিবার সকালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সেটা করেও রেখেছে তার দল।
বাবরের ভাষায়, ‘সে অস্ট্রেলিয়ার অন্যতম দারুণ ব্যাটসম্যানদের মধ্যে একজন। আমাদের সামনের সারির বোলাররা আছে। ডেভিডের জন্যে আমাদের কৌশল আছে। এটা ঠিক যে একবার সে ছন্দে এসে গেলে রোখা কঠিন। কিন্তু সব পরিস্থিতিতে তাকে আটকানোর জন্যে কৌশল আঁটছি আমরা।’
গেল সিরিজ থেকে কিছুটা পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়া দলে। অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল কিছুদিনের জন্যে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিকেট থেকে। তার জায়গায় দলে অ্যাশটন টার্নার ব্যাটিং অর্ডারে ওপরে উঠে আসতে পারেন একধাপ, সেক্ষেত্রে বেন ম্যাকডারমট নিজেকে প্রমাণের আরেকটা সুযোগ পেয়ে যেতে পারেন। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অ্যাশটন অ্যাগার আর অ্যাডাম জাম্পা দুই জন স্পিনারকেই দলে দেখা যেতে পারে এদিন।
এদিকে পাকিস্তানও কিছুটা রদবদলের মধ্যে দিয়ে গেছে। নতুন অধিনায়ক বাবর আজমের অধীনে এই সিরিজ খেলবে তারা। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ জায়গাও হারিয়েছেন দলে। তার জায়গায় এসেছেন মোহাম্মদ রিজওয়ান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সের সুবাদে তিন বছর পর দলে এসেছেন পেসার মোহাম্মদ ইরফান।
অভিজ্ঞ এই বোলারকে সঙ্গে নিয়ে পাকিস্তান পেস আক্রমণে আরো আছেন মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ। স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিমদের নিয়ে এই সিরিজে পাকিস্তানের বোলিং আক্রমণ যথেষ্ট সমীহ জাগানিয়া। তবে প্রতিপক্ষ বোলিং আক্রমণকে যথেষ্ট সমীহ করলেও অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানালেন তাদের বিপক্ষে খেলা খুব বেশি কঠিন হবে না তাদের জন্যে। ফিঞ্চের ভাষ্য, ‘এটা এমন এক আক্রমণ, যার বিপক্ষে বিশ্রামের অবকাশ পাবেন না আপনি। কিন্তু তারা আপনাকে রান করার সুযোগ দেবে এবং সেগুলোকে কাজে লাগাতে হবে আপনাকে। দিনশেষে এটা একটা টি-টোয়েন্টি ম্যাচ।’