স্পোর্টস রিপোর্টার
টি-টোয়েন্টিতে লড়াইটা ভালোই করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু, শক্তিমত্তায় কিছুটা এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশই হতে হয়েছিল সালমা খাতুনের দলকে। আর ওয়ানডেতেও সেই ভাগ্যের পরিবর্তন হলো না। গতকাল প্রথম ওয়ানডেতে তারা হেরেছে ২৯ রানের ব্যবধানে।
এই জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামীকাল একই ভেন্যু, মানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে। এরই মধ্য দিয়ে সিরিজ শেষ করবে রুমানা-সালমারা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৮. ৫ ওভারে অল আউট হওয়ার আগে করে ২১৫ রান। বাংলাদেশের সেরা বোলার যথারীতি জাহানারা আলম। এই পেসার নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন পান্না ঘোষ ও নাহিদা আক্তার।
পাকিস্তানের হয়ে ওপেনার নাহিদা খান সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া অধিনায়ক বিসমাহ মারুফ ৩৯ ও আলিয়া রিয়াজ ৩৭ রান করেন। জবাব দিতে নেমে, বাংলাদেশের ইনিংস থামে ৪৭.৪ ওভারে। অল আউট হওয়ার আগে দলটি করে ১৮৬ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন উইকেটরক্ষক নিগার সুলতানা। এছাড়া অধিনায়ক রুমানা আহমেদ ২৮, ফারজানা হক ২৭, ওপেনার শামিমা আক্তার ২০ ও সালমা খাতুন ২০ রান করেন। প্রত্যেকেই ভালো সূচনা পেয়েও ধরে রাখতে পারেননি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান সানা মীর ও নাশরা সান্ধু। দু’টি করে উইকেট নেন ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।