রাফায়েল নাদাল প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে ওঠার সুবাদে বিশ্বের এক নম্বর হিসেবে বছর শেষ করার পথেই আছেন। গত শুক্রবার জো-উইলফ্রাইড সঙ্গাকে ৭-৬ (৭/৪) ও ৬-১ গেমে হারিয়ে টুর্নামেন্টটির শেষ চারে ওঠেন স্পানিশ এই টেনিস তারকা। ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল সেমিফাইনালে ডেনিস শাপালভের মুখোমুখি হবেন। টেনিসের বিশ্ব র্যাংকিংয়ে এক নম্বর আসনটি ফিরে পেতে হলে তাকে প্যারিস মাস্টার্সে জিততে হবে। নাদাল সর্বশেষ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন ২০১৮ সালের অক্টোবরে। বর্তমানে তার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে র্যাংকিংয়ের শীর্ষে আছেন নোভাক জোকোভিচ। ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচও প্যারিসের এ প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছেন। প্রত্যাশা অনুযায়ী খেললে দুই জনের ফাইনালে দেখাও হয়ে যেতে পারে।