স্পোর্টস ডেস্ক
প্যারি সেন-জার্মেইকে হারিয়ে দিল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিজঁর কাছে। গত শুক্রবার রাতে বিপক্ষের মাঠে ২-১ গোলে হারে ফরাসি চ্যাম্পিয়নরা। এ নিয়ে লিগের ১২ খেলায় তৃতীয়বারের মতো হারল পিএসজি। তবে এরপরও শীর্ষেই আছে কোচ থমাস টুখেলের দল।
পিএসজি অবশ্য বেশ কিছুদিন ধরেই নেইমারকে ছাড়া খেলতে বাধ্য হচ্ছে। কারণ ব্রাজিল তারকার ইনজুরি। যদিও কিলিয়ান এমবাপ্পে ১৯তম মিনিটে খেলার প্রথম গোলটি করেছিলেন। এ নিয়ে চার খেলায় সপ্তম গোল করলেন ফরাসি স্ট্রাইকারটি। কিন্তু তা দলকে জেতাতে পারেনি। কেননা স্বাগতিক দিজ প্রথমার্ধ্বের যোগ হওয়া সময়ে এবং ৪৭তম মিনিটে দুই গোল দিয়ে তা ধরে রাখতে সক্ষম হয়।
মাউরো ইকার্দি ও এডিসন কাভানি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ফলে ড্রও আদায় করা সম্ভব হয়নি পিএসজির পক্ষে। ফলে গত মৌসুমে প্লে অফ খেলে রেলিগেশন এড়ানো দিজ পয়েন্ট টেবিলের সর্বনিম্ন অবস্থান থেকে ১৮তম স্থানে উঠে এলো।
শিরোপাধারী পিএসজির হয়ে এদিন অসুস্থ থিয়াগো সিলভার পরিবর্তে ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করা মারকুইনহোস স্বীকার করেন তাদের মধ্যে আগ্রাসি মনোভাবের ঘাটতি ছিল। তিনি বলেন, ‘এটাই ফুটবল। যখন আপনি শারীরিকভাবে যথেষ্ট আগ্রাসি থাকবেন না, তখন এমনটাই ঘটবে। আমাদের সঠিকভাবে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের আরো বেশি কিছু করতে হবে।’ কোচ টুখেলের দল এরপর আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে ক্লাব ব্রাগার বিরুদ্ধে খেলবে।