ইত্তেফাক ডেস্ক
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’—এই প্রতিপাদ্যে শনিবার নানা আয়োজনে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
রংপুর: প্রেসক্লাব মোড়ে জেলা সমবায় ব্যাংক থেকে বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়। পরে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কমিশনার কে এম তারিকুল ইসলাম।
পিরোজপুর: জেলা সমবায় অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম কবীর শরীফের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান, যুব উন্নয়নের উপপরিচালক মো. আবেদ শাহ।
সাতক্ষীরা: শহরের নিউমার্কেট চত্বরের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মাদারীপুর: র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. এর সভাপতি সৈয়দ আবুল বাসার। স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান প্রমুখ।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
মৌলভীবাজার: জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে এম সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ: সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
নাটোর: জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ও উপজেলা সমবায় দপ্তর এবং সমবায়ীদের আয়োজনে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
কাউখালী (পিরোজপুর): উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া বরগুনার বামনা, চট্টগ্রামের পটিয়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া, ফরিদপুরের মধুখালী, পঞ্চগড়ের দেবীগঞ্জ, কুমিল্লার মনোহরগঞ্জ, ময়মনসিংহের ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ, পাবনার সাঁথিয়া, নীলফামারীর ডোমার, মেহেরপুরের গাংনী, চাঁদপুরের হাজীগঞ্জ, নরসিংদীর পলাশ উপজেলাসহ সারাদেশেই দিবসটি পালিত হয়েছে।