‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতায় চূড়ান্ত

ইত্তেফাক রিপোর্ট

দেশের ১০ জেলায় ৭ লাখ ৭০ হাজার দরিদ্র মা ‘স্বপ্ন মা’ প্যাকেজের সুবিধা ভোগ করেছেন। এই মায়েরা ৮০০ টাকা করে তিন বছর মেয়াদে এই টাকা সম্মাননা হিসেবে পাচ্ছেন। এতে দরিদ্র এই মায়েদের স্বাস্থ্য, পুষ্টিসহ নানা চাহিদা পূরণে ভূমিকা রাখছে। স্বপ্ন মা প্যাকেজের অর্থে ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখা সেরা ১০ প্রতিযোগিতায় তিন জন শ্রেষ্ঠ মাকে বাছাই করা হয়। গতকাল শনিবার বিকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।  বেসরকারি সংস্থা ডর্প এই অনুষ্ঠানের আয়োজন করে।

‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী মা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইতি আক্তার, দ্বিতীয়  লক্ষ্মীপুরের সদর উপজেলার ফাতেমা আক্তার ও তৃতীয় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রাজিয়া বেগম। বিশেষ সম্মাননা জানানো হয়—গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নমিতা মন্ডলকে। প্রত্যেককে উত্তরীয়, ক্রেস্ট, প্রাইজবন্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথম পুরস্কার বিজয়ী মাকে মুকুট পরিয়ে দেন বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা বিষয়ক মন্ত্রী এম এ মান্নান বলেন, স্বপ্ন মা প্রকল্প প্রসারে সরকারের কোনো আপত্তি নেই। তবে তিনি বলেন, মাতৃত্বকালীন ভাতা এমন যেন না হয় যে, ভাতার ওপর নির্ভর হয়ে পড়ছে। সরকার এই কর্মসূচি নিয়ে আগ্রহী। আরো অনেক বছর এই প্রকল্প চলবে বলে তিনি জানান।

স্বাগত বক্তব্য রাখেন স্বপ্ন প্যাকেজের প্রতিষ্ঠাতা ডরেপর নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ,  ভারতের ইয়োগা বিশেষজ্ঞ, ডর্প স্বপ্ন মা শুভেচ্ছাদূত মিস শ্বেওতা ওয়ার্পে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরেপর চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার। ‘স্বপ্ন মা স্বপ্নের দেশ, আগামী পৃথিবীর বাংলাদেশ’—প্রতিপাদ্য নিয়ে সংসদীয় পদ্ধতিতে বিভিন্ন জেলা থেকে স্বপ্ন মায়েরা ‘মা সংসদ’ অনুষ্ঠানে চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের  চেয়ারম্যান ও ডরেপর উপদেষ্টা পরিষদের সদস্য ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে স্বপ্ন প্যাকেজ কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের দাবিতে স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।