জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে সম্মাননা
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় অধ্যাপক ও ভাষাসৈনিক ড. রফিকুল ইসলামকে সম্মাননা জানাল সর্বস্তরের মানুষ। গতকাল শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলি ও রাইটার্স ক্লাবের চেয়ারম্যান কবি মুহাম্মদ নুরুল হুদা। এ আয়োজনের মধ্যদিয়ে সম্মাননা জানানোয় অধ্যাপক রফিকুল ইসলাম সকলকে ধন্যবাদ জানান। সভাপতিত্ব করেন স্বাধীনতা ফাউন্ডেশন সংগঠনের চেয়ারম্যান ড. মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের জীবনাদর্শ অনুসরণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ, জাতি ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে যারা নিরলসভাবে কাজ করছেন তাদের সম্মান না করলে আমরা অগ্রসর হতে পারব না। তার কর্মময় জীবন আমাদের ভবিষ্যত্ নির্মাণে পাথেয়।’
তথ্যমন্ত্রী বলেন, যারা আগামী প্রজন্মের জন্য একটি উন্নত জাতি গঠনে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন তাদের সম্মান করা উচিত। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে অধিকাংশ মানুষই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। মন্ত্রী বলেন, ‘যারা সাহিত্য, মানবিক মূল্যবোধ ও জাতীয় উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন, আমাদের এই প্রখ্যাত পেশাজীবীদের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করা উচিত। ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষক অধ্যাপক রফিকুলের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।’