কোচিংয়ে অভিযুক্ত, সাংবাদিকদের মারধর
ইত্তেফাক রিপোর্ট
কোচিং বাণিজ্যের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে আজিমপুরের চায়না গলিতে অগ্রগামী কোচিং সেন্টারের কোচিং বাণিজ্য নিয়ে প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণকালে সময় টেলিভিশনের রিপোর্টার পিংকি আক্তার ও ক্যামেরা পারসন মনজুর রহমানকে মারধর করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সহকারী শিক্ষক কানিজ ফাতেমা ও তার লোকজন এই ঘটনা ঘটিয়েছেন বলে মারধরের শিকার হওয়া সাংবাদিকদের অভিযোগ। তিন সদস্যের তদন্ত কমিটিতে আছেন ঢাকা জেলার এডিসি (শিক্ষা), ভিকারুননিসা নূন স্কুলের দুই জন সদস্য। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান। শনিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা উপলক্ষ্যে দেশের সব ধরনের কোচিং সেন্টার পরিচালনা নিষিদ্ধ রয়েছে।