জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রাক্কালে সৃষ্ট ধাক্কাধাক্কির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক এবং সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল চার দিন ধরে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার আহমেদ জানান, ‘মহিবুর রৌফ-এর শরীরের নিম্নাংশে স্পর্শকাতর স্থানে সুচালো-ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ‘পেনিল হেমাটোমা ফলোয়িং ফিজিক্যাল অ্যাসাল্ট’ জনিত কারণে তার আরো দু্ই-তিন দিন হাসপাতালে থাকার প্রয়োজনীয়তা রয়েছে।’
আহত শিক্ষক মহিবুর রৌফ শৈবাল জানান, তিনি গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে ধর্মঘট পালনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান। ঘটনার পরম্পরায় তিনি সে সময় কেউ বা কারো দ্বারা শরীরের নিম্নাংশে স্পর্শকাতর জায়গায় আঘাতপ্রাপ্ত হন। তিনি বলেন, তার আহত হওয়ার বিষয়টি নিয়েও অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
৩১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম চিকিত্সাধীন ঐ সহকারী প্রক্টরকে দেখতে যান। উপাচার্য এ সময় তার চিকিত্সার খোঁজখবর নেন এবং চিকিত্সকদের সঙ্গে কথা বলেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বিশ্ববিদ্যালয়ের পক্ষে আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।