রাতে ফল খাওয়া নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে। কারো মতে, রাতে ফল খাওয়া বেশ উপকারী। আবার কারো মতে, রাতে ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর একটি বিষয়। যত বিতর্কই থাকুক না কেন, এমন অনেক মানুষ রয়েছে যারা অভ্যাসবশতই নিয়মিত রাতে ফল খান। তাদের অনেকেই অবশ্য কোনো রকম অসুস্থতা বোধ করেন না। এ কারণে কেউ কেউ আবার ফল খাওয়ার কোনো ক্ষতিকর দিকই খুঁজে পান না।
বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ মানুষেরই রাতে খাওয়ার পর কিছু একটা মিষ্টি খেতে ইচ্ছে হয়। এই সময় দোকান থেকে কেনা মিষ্টি না খেয়ে বরং ফলের টুকরো খাওয়া অনেক ভালো। কারণ ফলে সুগারের পরিমাণ দোকান থেকে কেনা মিষ্টির চেয়ে অনেক কম থাকে এবং তা স্বাস্থ্যকরও। তবে রাতে শোওয়ার আগে অনেকটা ফল একসঙ্গে খেলে ঘুম নষ্ট হতে পারে। কারণ ফলে থাকা শর্করা আমাদের অনেকক্ষণ জেগে থাকতে বাধ্য করে।
আয়ুর্বেদ অনুসারে, খাওয়ার অন্তত ৩০ মিনিট পর ফল খাওয়া উচিত। আর যদি রাতে ফল খেতেই হয়, তাহলে শুতে যাওয়ার অন্তত তিন-চার ঘণ্টা আগে ফল খাওয়া উচিত। ফল অনেক সহজে এবং তাড়াতাড়ি হজম হয়। পেটভর্তি খাওয়ার পর ফল খেলে খাবারের আগে ফল হজম হয়ে যায়। ফলের পুষ্টিগুণ শরীরে দ্রুত প্রবেশ করার কারণে খাবারের অনেক পুষ্টিগুণ শরীরে শোষিত হয় না। হজমের সমস্যা হতে পারে। আবার অনেকক্ষণ পেট খালি থাকার পর ফল খেলেও অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা হতে পারে। এ কারণে বিশেষজ্ঞদের পরামর্শ এই বিষয়গুলো মেনে চললেই রাতে ফল খাওয়াতে কোনো বাধা নেই।—আনন্দবাজার