সিরাজগঞ্জে সন্ত্রাসীর গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

সিরাজগঞ্জে সন্ত্রাসীর গুলিতে সদর উপজেলার বাগবাটি  ইউনিয়ন  আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাগবাটি ইউপি সদস্য বকুল হায়দার (৫০) নিহত হয়েছেন। নিহত বকুল উক্ত ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সির ছেলে ।  

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির পাশে একটি ব্রিজের উপর তিনি বসেছিলেন। এসময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় তিনি মাথা ও পায়ে গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি। 

সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্ত্রসীদের গ্রেফতার করতে পুলিশ এলাকায়  ব্যাপক তৎপরতা শুরু করেছে। 

ইত্তেফাক/এসইউ