সড়ক পরিবহন আইন-২০১৮

প্রয়োগের আগে বিধিমালা প্রণয়নের দাবি মালিক সমিতির

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নেতৃবৃন্দ জানিয়েছেন, মোটা অঙ্কের জরিমানা পরিবহন খাতের অগ্রগতিতে বাধাগ্রস্ত করবে। আর বিধিমালা প্রণয়ন ছাড়া এ আইন স্বয়ংসম্পূর্ণতা পাবে না। শিগগিরই বিধিমালা চূড়ান্ত করা প্রয়োজন। গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন নেতারা। তবে নতুন আইনকে স্বাগত জানালেও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কয়েকটি ধারা সংশোধনের দাবি জানিয়েছেন। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, এই আইনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এ আইন মেনে চলতে আমরা পরিবহন মালিকদের আহ্বান জানাব। এর আগে পরিবহন শ্রমিকরাও এই আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছেন।

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী প্রাণ হারানোর ঘটনায় গেল বছর শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের পর শাস্তির বিধান কঠোর করে নতুন সড়ক পরিবহন আইন প্রণীত হয়। এই আইনটি গত ১ নভেম্বর শুক্রবার থেকে কার্যকর হয়েছে। এর এক দিন পর গতকাল সড়ক পরিবহন মালিক সমিতি সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরে।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশে বলেন, এ আইনে মালিক-শ্রমিকরা যেন অকারণে হয়রানির শিকার না হন এবং আইনের অপপ্রয়োগ না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।