জরিমানা আদায় মুখ্য নয় সড়কের আইন মেনে চলুন:স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সড়ক পরিবহনের নতুন আইন উচ্চহারে জরিমানা আদায়ের জন্য নয়, পথচারীসহ পরিবহনসংশ্লিষ্ট সবাইকে আইন মানতে বাধ্য করতে ঐ আইন কার্যকর করা হয়েছে। ফাইন আদায় করা মুখ্য বিষয় নয়। গতকাল শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবহন খাতে জড়িত সবার মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন আইন সংশোধন করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অপরদিকে চলমান শুদ্ধি অভিযানে কোনো স্বজনপ্রীতি হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যার বিরুদ্ধেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে।

‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে চলেছে’

সাভার থেকে তুহিন খান জানান, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার স্বপ্নকে ধারণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ১৫তম শুভদানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে কারাগারে সম্পূর্ণ সুস্থ আছেন। খালেদা জিয়ার চিকিত্সাসেবা নিয়ে বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম যা বলেছেন তা অসত্য। তার যতটুকু চিকিত্সা দরকার সেটা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেওয়া হচ্ছে এবং তিনি এখন সুস্থ আছেন বলে চিকিত্সকরা আমাদেরকে জানিয়েছেন। সাভার বনবিহারের প্রতিষ্ঠাতা নন্দপাল মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার প্রমুখ।