সরকারি চাকরিজীবীদের জন্য সমন্বিত স্বাস্থ্যবিমার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে সরকারি চাকরিজীবী স্বামী-স্ত্রী, দুই সন্তান, পিতা-মাতা বা শ্বশুর-শাশুড়িকেও এ বীমার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। এই বিমার প্রধান উদ্দেশ্য হচ্ছে চিকিত্সায় পরিবারের ওপর যেন বাড়তি চাপ না পড়ে। এজন্য উপকারভোগীদের নির্ধারিত হারে প্রিমিয়াম দিতে হবে। তবে প্রিমিয়ামের পরিমাণ কত হবে সেটা এখনো নির্ধারণ করা হয়নি। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় সিদ্ধান্ত হয় যে, সরকারি কর্মচারীদের স্বাস্থ্যবিমা প্রবর্তনের লক্ষ্যে কর্মচারীদের ছয় সদস্যের পরিবার (স্বামী-স্ত্রী, দুই সন্তান, পিতা-মাতা/শ্বশুর-শাশুড়ি)-কে ‘ভিত্তি’ ধরে জীবন বীমা কর্পোরেশন (জীবীক) ও সাধারণ বীমা কর্পোরেশন (সাবীক) দুটি পৃথক প্রস্তাবনা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাবে। জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।