দলকে এগিয়ে নেওয়াই লক্ষ্য রোহিতের

রোহিত শর্মার কাছে অধিনায়কত্বটা নতুন কিছু নয় মোটেও। এর আগেও বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন নিদাহাস কাপ আর এশিয়া কাপ শিরোপা। বাংলাদেশের বিপক্ষে আজ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেও কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন তিনি। ভারতীয় এই ব্যাটসম্যান জানালেন কোহলির রেখে যাওয়া দলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই এই সিরিজে তার লক্ষ্য।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। তার আগে গতকাল সাংবাদিকদের রোহিত বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার কাজটা সাধারণ। বিরাট যেখানে দলটাকে রেখে গেছে সেখান থেকে আরো সামনে নিয়ে যেতে চাই দলটাকে। অল্প সময়ের জন্যে যখনই সুযোগ পাই, বিরাট যে ভাবে দলটাকে ধরে রেখেছে সে ভাবেই কাজটা করতে চাই। আমি কেবল দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।’

প্রতিপক্ষ দলে সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা নেই এই সিরিজে। তবুও দলটিকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই, অভিমত রোহিতের। তিনি বলেন, ‘বাংলাদেশ দারুণ দল। শেষ কয়েক বছরে আমরা দেখেছি তারা কেমন নৈপুণ্য দেখিয়েছে। শুধু নিজেদের মাঠে নয়, প্রতিপক্ষের মাঠেও। বিশেষ করে আমাদের বিপক্ষে, তারা আমাদের দারুণ চাপে ফেলে দেয়। তাই এই দলটাকে ভিন্নভাবে দেখার কোনো উপায়ই নেই।’

ভারত অধিনায়ক আরো যোগ করেন, ‘তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নেই সেটা আমি বুঝি কিন্তু তাদের দলে আরো মানসম্পন্ন খেলোয়াড় আছে যা নির্দিষ্ট দিনে যে কোনো দলকে ধাক্কা দিতে পারে। আমি এটাকে ধাক্কা বলবো না, বলবো ‘হারানো’। তারা অনেক পরিপক্ব খেলোয়াড় আর অনেকদিন ধরেই খেলছে।’

ভারতীয় ব্যাটসম্যান জানালেন নির্দিষ্ট কোনো খেলোয়াড় নয়, বাংলাদেশ দলেই মনোযোগ দিচ্ছে তার দল। তিনি বলেন, ‘তাদের দলে কিছু তরুণ খেলোয়াড় আছেন। কিন্তু আমাদের জন্যে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের চেয়ে প্রতিপক্ষ দলে মনোযোগ দেওয়াটা জরুরি। আমাদের নিজেদেরও দলটা তরুণ। নিজেদের প্রমাণের জন্যে খেলোয়াড়রা মুখিয়ে আছে। এ বিষয়েই আমরা মনোযোগ দিচ্ছি বেশি।’

ভারত অধিনায়ক জানিয়েছেন সাঞ্জু স্যামসন কিংবা শিভাম দুবের কাউকে দেখা যেতে পারে আজকের ম্যাচে। তিনি বলেন, ‘সবার জন্যে সব রাস্তাই খোলা রাখছি আমরা এবং যে কেউ যে কোনো মুহূর্তে খেলতে পারে দলে।’

ভারতীয় দল রান তাড়া করায় দারুণ হলেও আগে ব্যাট করে জেতায় কিছুটা দুর্বলতা আছে দলটির। ব্যাটিং কোচ বিক্রম রাথোড় আর অধিনায়ক কোহলিও ব্যাপারটা মেনে নিয়েছেন। এ জায়গাটায় উন্নতি চান ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত, ‘পরিসংখ্যানে আমরা দেখেছি দেশে হোক, দেশের বাইরে হোক রান তাড়া করায় আমরা দারুণ। কিন্তু এখন আমরা প্রতিপক্ষকে লক্ষ্য ছুঁড়ে দিয়ে জেতার ব্যাপারেও মনোযোগ দিচ্ছি। এ কারণেই উইকেট সহায়ক না হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাঙ্গালুরে টসে জিতে ব্যাটিং নিয়েছিলাম আমরা এবং হেরেছিলাম। আমরা নিজেদের চ্যালেঞ্জ জানাতে চাই।’