নওগাঁর রাণীনগরে শনিবার বিকালে ট্রেনে কাটা পরে ফারুক আহম্মেদ রাজু (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত রাজু রাণীনগর সদরের পোস্ট অফিস পাড়া গ্রামের ফজলার রহমান মাস্টারের ছেলে।
রাণীনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম জানান, ওই দিন বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রাণীনগর রেলওয়ে ষ্টেশন পার হয়ে যায়। এরপর স্টেশনের দক্ষিণে চকের ব্রিজের অদূরে ঝালঘড়িয়া নামক এলাকায় ট্রেনে কাটা একজনের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পরিবারের লোকজন ব্যবসায়ী ফারুক আহম্মেদ রাজুর লাশ বলে সনাক্ত করে। তবে কেন ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়েছে বলতে পারেনি স্বজনরা। রাজু রাণীনগর সদরে মাস্টার লাইব্রেরি এ্যান্ড ভারাইটি স্টোরের দোকান দিয়ে ব্যবসা করতেন।
সান্তাহার জিএরপি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে। এমন খবর পেয়ে লাশ উদ্ধার করে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ