নন্দীগ্রামে ধান ক্ষেত থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে নিখোঁজ কৃষক ফজলুর রহমানের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে নিহতের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে আমড়াগোহাইল গ্রামে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফজলুর রহমান উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর বটবৃক গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ফজলুর রহমান বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বাজার করে সে লোক মারফত বাজারের ব্যাগ বাড়িতে পাঠায়। এরপর রাতে সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে রবিবার সকালে শ্রমিকরা ধান কাটতে গিয়ে ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। এরপর ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন মরদেহ দেখে ফজলুর রহমানের বলে সনাক্ত করেন।

আরও পড়ুন: কাঠমিস্ত্রির বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ

নিহতের স্ত্রী আরজুমান জানান, সে দির্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাকে খুন করার মত কোন শত্রু নাই।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম