সাভারে ৩ লাশ উদ্ধার

সাভার-আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রবিবার দুপুরে পৌর এলাকার নামাগেন্ডা তারা মসজিদ সংলগ্ন বাদশা মিয়ার পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় শহিদুল ইসলাম খাজা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম দিনাজপুরের রাণীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি সাভারের গেন্ডা এলাকার মুক্তিযোদ্ধা শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন বলে জানা গেছে। তবে মরদেহটি উদ্ধারের সময় প্যান্টের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। যেখানে নাম-মিলন হোসেন, পিতা-হামেশ, ঠিকানা-নয়াবাড়ি, সাভার লেখা রয়েছে। এছাড়া লাশের গলায় গামছা পেছানো ছিলো।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বাথরুমে মাদরাসা শিক্ষকের গলাকাটা লাশ, স্ত্রী আটক

অন্যদিকে রবিবার দুপুরে আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে একটি নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপার এলাকার রাস্তা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা লাশটি বাড়ি নিয়ে যায়।
 
আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, নিহত ওই ব্যক্তি জিরাবো এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে কারখানায় যাওয়ার পথে রাস্তার পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তার স্বজনরা খবর পেয়ে প্রথমে স্থানীয় পিএমকে হাসপাতাল এবং পরবর্তীতে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/এসি