ইবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার, প্রতি আসনে লড়বে ২৭ জন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী সোমবার (৪ নভেম্বর)। চলবে ৬ নভেম্বর (বুধবার) পর্যন্ত।  এ বছর বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের অধীন ৩৪টি বিভাগের ভর্তি পরীক্ষা ৪ টি ইউনিটে অনুষ্ঠিত হবে। ২৩০৫টি আসনে বিপরীতে আবেদন জমা পড়েছে ৬১ হাজার ৯৪২টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৭ জন ভর্তিচ্ছু। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা, তৃতীয় শিফট দুপুর ২টা থেকে বিকাল ৩টা এবং চতুর্থ শিফট বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।’

আরও পড়ুন: এবার লোকেশ রাহুলকে ফেরালেন বিপ্লব

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.iu.ac.bd ) থেকে জানা যাবে।

ইত্তেফাক/এএএম