বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবটেস্টে গুলে বিষাক্ত হেভি কেমিক্যাল যথা লিড, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষজ্ঞ চিকিত্সকগণও গুল সেবনের কারণে গলা ও মুখে ক্যানসার এবং ব্রেন স্ট্র্রোক হওয়ার সম্ভাবনার কথা বলেছেন। সরকারের একটি প্রতিষ্ঠানেও ল্যাবটেস্ট করে গুলকে মানুষের জীবনের জন্য হুমকি বলে মনে করছে। প্রসঙ্গত উলেখ্য যে, স্বল্প মূল্যের কারণে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবারের সদস্যরা গুল দ্বারা দাঁত মাজন ও দাঁতের ব্যথা উপশমে গুল ব্যবহার শুরু করে, যা একসময় তাদের মরণ নেশায় পরিণত হয়। আমাদের মতে, মানুষকে গুলের নেশার বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে বিদ্যুত্ চালিত হলার মেশিনে তামাক পাতা মিহি পাউডারের মতো পেষাই করা শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে নিষিদ্ধ করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহত্তর রংপুরে হারাগাছা, নীলফামারী, পাগলাপীর ইত্যাদি এলাকায় হলার মেশিনে তামাক পাতা পেষাই করে মোড়কজাতকরণের জন্য ট্রাকযোগে ঢাকা পাঠানো হয় এবং সেখান থেকেই দেশের বিভিন্ন স্থানে গুল বিক্রি করা হয়ে থাকে। এ অবস্থায় আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে গুল তৈরির বিরুদ্ধে কঠোর আইনানুগ সিদ্ধান্ত নেবে।
হাজী মো. আলী বশির
৮৮/৮৯ আগাসাদেক রোড,
মাহবুব আলী
৪১ আবদুল হাদী লেন,
বংশাল, ঢাকা