ইত্তেফাক রিপোর্ট
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বব্যাংক তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনে তারা সহযোগিতা অব্যাহত রাখবে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসময় বিশ্বব্যাংক প্রতিনিধিদলের পক্ষে নির্বাহী পরিচালক প্যাট্রিসিও পাগানো এবং কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে দুই দিনের সফরে বাংলাদেশ এসেছে প্রতিনিধিদল। এছাড়া তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। রোহিঙ্গাদের মানবিক সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে তারা। বিশ্বব্যাংক রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু একটি রাজনৈতিক বিষয়। এ ব্যাপারে বিশ্বব্যাংক কোনো চাপ সৃষ্টি করতে পারে না। বিষয়টি জাতিসংঘসহ অন্যান্য সংস্থা দেখছে। এসময় প্যট্রিসিও পাগানো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধির দেশ। দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।