g স্পোর্টস রিপোর্টার
আব্দুর রাজ্জাকের ঘূর্ণি জাদু ম্যাচের প্রথম দিনে বেশ এগিয়ে দিয়েছিল খুলনা বিভাগকে। ব্যাটসম্যানরা অবশ্য রংপুরকে আরো চাপে ফেলার কাজটা ভালোভাবে করতে পারেননি। মিরপুর স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে গতকাল খুলনার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৩৩ রানে। খুলনাকে প্রথম ইনিংসে ৯ রানের লিড এনে দেয়ার ক্ষেত্রে মূল অবদান অলরাউন্ডার মেহেদী হাসানের।
আটে নেমে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন এই তরুণ। গতকাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও রাজ্জাকের তোপে পড়েছে রংপুর। ১২ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৬৭ রান। রানের খাতা খুলতে না পারলেও নাসির, সাজেদুল অপরাজিত আছেন। গতকাল দ্বিতীয় দিন শেষে ৫৮ রানে এগিয়ে থাকা রংপুরের অবশিষ্ট ৬ উইকেট আজ যত দ্রুত তুলে নিবে খুলনা, ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা ততই আলোকিত হবে।
কক্সবাজারে রাজশাহীর বিপক্ষে ৫৪ রানে এগিয়ে আছে ঢাকা বিভাগ। তাইবুর রহমান ও শুভাগত হোমের হাফ সেঞ্চুরিতে গতকাল দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৪ রান। তাইবুর ৯৩, শুভাগত ৯২ রানে ব্যাট করছেন।
মিরপুরে গতকাল শেষ ৮ উইকেটে ২০৯ রান যোগ করেছে খুলনা। যেখানে মেহেদী হাসান একাই করেছেন ১১৯ রান। ৮০ রানে আট উইকেট হারিয়ে কাঁপতে থাকা খুলনার হয়ে প্রতিরোধ গড়েন মেহেদী ও রুবেল হোসেন। ১৩৩ রানের জুটি গড়েন তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি করা মেহেদী দলীয় ২১৩ রানে আউট হন। ১৫০ বলে ১৫টি চার ও ১টি ছয়ে এই ইনিংস খেলেন তিনি। রুবেল অপরাজিত থাকেন ৩৬ রান করেন। বিজয় ২১, তুষার ইমরান ১০ রান করেন। রংপুরের পেসার রবিউল ধস নামিয়েছেন খুলনার ব্যাটিং লাইনে। ডানহাতি এই পেসার ৪১ রানে ৫ উইকেট নেন। মুকিদুল, সাজেদুল দুটি করে উইকেট পান।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে রাজশাহীর বিপক্ষে ঢাকার শুরুটা ভালো ছিল না। গতকাল ১০৪ রানে চার উইকেট হারিয়ে বসেছিল দলটি। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন তাইবুর-শুভাগত। তারা অবিচ্ছিন্ন আছেন ১৮০ রানের জুটি গড়ে। দুজনই সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন। আজ সেঞ্চুরির জন্য তাইবুরের ৭, শুভাগতর ৮ রান প্রয়োজন। রকিবুল ২৯, সাইফ হাসান ২৮, জয়রাজ শেখ ২১, মজিদ ১৬ রান করেন। রাজশাহীর সানজামুল ৩টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা-রাজশাহী বিভাগ
রাজশাহী: ২৩০
ঢাকা: ৯১ ওভারে ২৮৪/৪ (তাইবুর ৯৩*, শুভাগত ৯২*, রকিবুল ২৯, সাইফ হাসান ২৮, জয়রাজ শেখ ১৯, আব্দুল মজিদ ১৬; সানজামুল ৩/১০৬, সাকলাইন সজীব ১/৮৬)
রংপুর-খুলনা বিভাগ
রংপুর : ২২৪ ও ২৬ ওভারে ৬৭/৪ (মেহেদী মারুফ ২৩, সোহরাওয়ার্দী শুভ ২৪, নাঈম ইসলাম ১১, সাজেদুল ০*, নাসির ০*; রাজ্জাক ৩/১২, হালিম ১/৬)
খুলনা : ৭১ ওভারে ২৩৩ (মেহেদী হাসান ১১৯, রুবেল ৩৬*, বিজয় ২১, তুষার ইমরান ১০; রবিউল ৫/৪১, সাজেদুল ২/২৯, মুকিদুল ২/৭১, আরিফুল ১/১১)