বড়ো হারে চাপে বায়ার্ন কোচ

 স্পোর্টস ডেস্ক

জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এইনট্র্যাখট ফ্রাংকফুর্টের কাছে ৫-১ গোলে হেরেছে। বুন্ডেসলিগার শুরু থেকেই বাজে পারফরম্যান্সের কারণে চাপে ছিলেন দলটির কোচ নিকো কোভাচ। এবার এমন বড়ো হারের পর তার চাকরিচ্যুত হবার গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে জার্মান সংবাদমাধ্যমে।

গত শনিবার ম্যাচের শুরু থেকেই দুর্দশায় পড়ে দলটি। নবম মিনিটেই ডিফেন্ডার জেরোম বোয়াটেং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ২৫ মিনিটে ফিলিপ কস্টিচের গোলটি দিয়ে শুরু হয় স্বাগতিকদের ধ্বংসযজ্ঞ। এরপর জিবরিল সও, ডেভিড আব্রাহাম, মার্টিং হিনটেরেগার ও গনকালো পাসিয়েন্সিয়া লক্ষ্যভেদ করেন। মাঝে একবার রবার্ট লেভান্ডোভস্কির গোলে ব্যবধান কমালেও ম্যাচে আর ফিরতে পারেনি ব্যাভারিয়ানরা।

ফলে ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে দলটি। এমন হারের পর বায়ার্ন কর্তৃপক্ষ তাকে পদচ্যুত করার কথা ভাবছে, এমন গুঞ্জনে সরব জার্মান সংবাদ মাধ্যম। জনসম্মুখে দলের অনুশীলন সেশনও বাতিল করেছে কর্তৃপক্ষ।

গতকাল এক বিবৃতিতে দলটি জানায়, ‘ফ্রাংকফুর্টের হারটির পর অল্পসময়ের নোটিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দল আগামীকাল জনসম্মুখে অনুশীলন করবে না। আমরা আশা করব সমর্থকরা ব্যাপারটার সঙ্গে মানিয়ে নেবেন।’

তবে গেল মৌসুমেও একটা বড়ো সময় শীর্ষে না থেকেই শিরোপা জিতেছিল বায়ার্ন। এবারও তেমনই কিছু চান কোচ কোভাচ, ‘গত মৌসুমেও আমি হাল ছাড়িনি, এবারও ছাড়ব না। এমন অবস্থায় কখনো অস্থির হওয়া চলবে না আপনার।’